আন্তর্জাতিক ডেস্ক, ২২ জুন ২০২৫: ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর উত্তেজনা তুঙ্গে পৌঁছেছে মধ্যপ্রাচ্যে। ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক কেন্দ্রগুলোতে রাতের আঁধারে যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এর জবাবে ইরান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, অঞ্চলের প্রতিটি মার্কিন নাগরিক ও সেনা এখন তাদের হামলার বৈধ লক্ষ্য। এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ইসরায়েল তাদের আকাশসীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, “এই অঞ্চলে অবস্থানরত প্রতিটি মার্কিন নাগরিক ও সেনা এখন আমাদের হামলার বৈধ টার্গেট।” এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছিলেন, ইসরায়েল-ইরান সংঘাতে জড়ালে যুক্তরাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানান, “ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের সফল অভিযান সম্পন্ন হয়েছে।” এই হামলার পর ইসরায়েল সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। তারা শিক্ষা কার্যক্রম, জনসমাগম এবং অপ্রয়োজনীয় কাজ বন্ধ করেছে। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকলেও মিসর ও জর্ডানের সঙ্গে স্থল সীমান্ত খোলা থাকবে।
বার্তাসংস্থা আনাদোলু ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ.আই/এম.আর
