আন্তর্জাতিক ডেস্ক, ১৬ জুন ২০২৫: ইরান দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানিয়েছে। ইরানের দাবি, ইসরায়েল তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে এবং তার পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তারা কোনো আলোচনায় বসবে না। এছাড়া, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে কোনো ধরনের যুদ্ধবিরতির আলোচনায় তারা আগ্রহী নয় বলেও জানিয়েছে দেশটি।
বার্তাসংস্থা রয়টার্স রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান মধ্যস্থতাকারী দেশ ওমান ও কাতারের কাছে তাদের এই অবস্থান স্পষ্ট করেছে। এক ইরানি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেন, “ইসরায়েলের প্রথম হামলার পূর্ণ প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ইরান কোনো সত্যিকারের যুদ্ধবিরতির আলোচনায় প্রবেশ করবে না।”
ইসরায়েলি সংবাদমাধ্যমে এর আগে দাবি করা হয়েছিল যে, ইরান যুদ্ধবিরতির জন্য ওমান ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে ইরানি কর্মকর্তা এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
প্রসঙ্গত, গত শুক্রবার ইসরায়েল ইরানে প্রথম হামলা চালায়। এর পরের দিন রাতে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। এরপর থেকে উভয় পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা অব্যাহত রয়েছে।
এ.আই/এম.আর
