খেলাধুলা, ৮ জুন ২০২৫: উয়েফা নেশন্স লিগের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান অধিকার করেছে ফ্রান্স। ম্যাচে একটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ের নায়ক হন কিলিয়ান এমবাপ্পে।
রোববার স্টুটগার্টের এমএইচপি অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল। জার্মানি ৫৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে ২০টি আক্রমণ করলেও গোলমুখে মাত্র ৬টি শট নিতে পারে। অন্যদিকে, ফ্রান্স ১৫টি আক্রমণে ৮টি শট নিয়ে দুটি গোল আদায় করে নেয়।
প্রথমার্ধের ৪৫তম মিনিটে অহেলিয়া চুয়ামেনির ক্রস থেকে ডান পায়ের শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপ্পে। ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় ফরাসিরা। দ্বিতীয়ার্ধে ৬৯তম মিনিটে মার্কোস থুরামের শট জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান দুর্দান্তভাবে রক্ষা করেন। তবে ৮৪তম মিনিটে এমবাপ্পের বাড়ানো বলে গোল করে ফ্রান্সের ব্যবধান দ্বিগুণ করেন ওলিস।
২-০ গোলে পিছিয়ে পড়া জার্মানি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত এমবাপ্পের নৈপুণ্যে ফ্রান্স তৃতীয় স্থান নিশ্চিত করে।
এ.আই/এম.আর
