বুয়েন্স আয়ার্স, ১১ জুন ২০২৫: কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালের বিতর্কিত প্রসঙ্গ তুলে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি এবং কলম্বিয়ার তারকা হামেস রদ্রিগেজ বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বুধবার ভোরে বুয়েন্স আয়ার্সের এস্তাদিও মনুমেন্তালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়, তবে মাঠের খেলার চেয়ে মেসি-হামেসের বিতর্কই এখন আলোচনার কেন্দ্রে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, হামেস সম্প্রতি কোপা আমেরিকার ফাইনাল নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি দাবি করেন, রেফারির পক্ষপাতমূলক সিদ্ধান্তের কারণে কলম্বিয়া শিরোপা হারায়। তিনি বলেন, “রেফারি আর্জেন্টিনাকে আনুকূল্য দিয়েছেন। আমাদের প্রাপ্য পেনাল্টি দেওয়া হয়নি।” এই মন্তব্যের জের ধরেই ম্যাচের সময় মেসি হামেসকে উদ্দেশ্য করে বলেন, “তুমি বলেছ রেফারি আমাদের ফাইনালে সাহায্য করেছে। তুমি বেশি কথা বলো।” জবাবে হামেস অস্বীকার করে বলেন, “আমি এমন কিছু বলিনি।”
ম্যাচে আর্জেন্টিনা প্রথমে পিছিয়ে পড়ে লুইস দিয়াজের গোলে। তবে ৮০ মিনিটে থিয়েগো আলমাদার গোলে সমতায় ফেরে তারা। এনজো ফার্নান্দেজের লাল কার্ডের কারণে দশজনের দলে পরিণত হওয়া আর্জেন্টিনার জন্য এই ড্র মান বাঁচানোর মতো। তবে ম্যাচ জুড়ে উত্তপ্ত পরিস্থিতি ছিল লক্ষণীয়। ম্যাচ শেষে হাত মেলানোর সময় আর্জেন্টিনার এজাকুয়েল প্যালাসিওস ও নিকোলাস ওতামেন্ডির সঙ্গে কলম্বিয়ার রিচার্ড রাইওসের তর্ক হয়। মেসি এই ঘটনার জন্য রেফারি জুয়ান গ্যাব্রিয়েল বেনিতেজের সিদ্ধান্তকে দায়ী করেন।
মেসি ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত খেলেন, তবে গোলের দেখা পাননি। আর্জেন্টিনা ইতোমধ্যে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করলেও, এই ড্র তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
এ.আই/এম.আর
