ঢাকা, ০৮ জুন ২০২৫ : ঈদের দিন বন্ধ থাকার পর রোববার (৮ জুন) থেকে পুনরায় চালু হয়েছে রাজধানীর মেট্রোরেল। তবে কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেক যাত্রী কাঁচা ও রান্না করা মাংস নিয়ে মেট্রোরেলে প্রবেশের চেষ্টা করেছেন। বিভিন্ন মেট্রো স্টেশনে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
যাত্রীরা নানাভাবে মাংস পরিবহনের চেষ্টা করছেন। কেউ পলিথিনে, কেউ চটের ব্যাগে কাঁচা মাংস, আবার কেউ প্লাস্টিক কন্টেইনারে রান্না করা মাংস নিয়ে মেট্রোরেলে ওঠার চেষ্টা করেছেন। পল্লবী মেট্রো স্টেশনে বিকেল সাড়ে ৩টার দিকে কমপক্ষে চারজন যাত্রী মাংস নিয়ে প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তাকর্মী কামরুল তাদের ব্যাগ তল্লাশি করে ফিরিয়ে দেন।
কামরুল জানান, “অনেকেই মাংস নিয়ে আসছেন, কিন্তু নির্দেশনা অনুযায়ী তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।” এক যাত্রী মাংস নিয়ে প্রবেশের অনুমতি চাইলে তিনি জানান, পলিথিন ভিজে যাওয়া এবং মাংস পরিবহনের নিষেধাজ্ঞার কথা স্টেশনে লেখা আছে।
এক দম্পতি রান্না করা মাংস প্লাস্টিক কন্টেইনারে নিয়ে প্রবেশের চেষ্টা করেন, কিন্তু তাদেরও ফিরিয়ে দেওয়া হয়। পুরুষ যাত্রী বলেন, “টিকিট কেটে ফেলেছি, খাবার পলিথিনে মোড়ানো, সমস্যা হবে না।” জবাবে নিরাপত্তাকর্মী তাকে টিকিট ফেরত দিতে কাউন্টারে যেতে বলেন।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আগেই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস পরিবহন নিষিদ্ধ। প্রতিটি স্টেশনে যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হচ্ছে, এবং মাংস পাওয়া গেলে তাৎক্ষণিক প্রবেশ বন্ধ করে দেওয়া হচ্ছে।
পরিচ্ছন্নতা বজায় রাখতে ডিএমটিসিএল এই নিষেধাজ্ঞা জারি করেছে। নিরাপত্তাকর্মীদের এই নির্দেশনা কঠোরভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর
