সিলেট ব্যুরো, ১৬ জুন ২০২৫ : সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও মোহাম্মদ ফাওজুল কবির খানের গাড়িবহর আটকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। শনিবার (১৪ জুন) সকাল ১১টার দিকে জাফলং পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে সড়ক অবরোধ করেন, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় সড়ক অবরোধ, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গোয়াইনঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় গোয়াইনঘাট উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে প্রধান আসামি এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলাটি রোববার (১৫ জুন) রাত ১১টায় গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়েদ উল্লাহ দায়ের করেন।
গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে গতিরোধ, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
ঘটনার পর রোববার দুপুর ও সন্ধ্যায় জাহিদ খানকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
এ.আই/এম.আর
