আন্তর্জাতিক ডেস্ক, ১৪ জুন ২০২৫: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি সক্রিয় করা হয়েছে। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষিতে বড় ধরনের প্রস্তুতির অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ জুন) ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা এবং তেহরানের পাল্টা আক্রমণের পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে সক্রিয় ও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘাঁটিগুলো যেকোনো সময় হুমকি মোকাবিলা বা শত্রুপক্ষের ওপর আঘাত হানতে প্রস্তুত রাখা হয়েছে।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের অন্তত ১৯টি স্থানে স্থায়ী ও অস্থায়ী সামরিক ঘাঁটি পরিচালনা করে। এর মধ্যে বাহরাইন, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে আটটি স্থায়ী ঘাঁটি রয়েছে।
প্রতিবেদনে আরও জানা যায়, এই ঘাঁটিগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাইরে থেকে যুদ্ধজাহাজ আনা হচ্ছে। ইরানের বিরুদ্ধে এই যুদ্ধজাহাজগুলো ব্যবহার করা হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ ইউএসএস টমাস হাডনারকে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিমান ঘাঁটিগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু প্রকাশ করা হয়নি। এসব পদক্ষেপ চলমান সামরিক অভিযানের অংশ।
এ.আই/এম.আর
