গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লীবিদ্যুৎ এলাকায় মঙ্গলবার (১৭ জুন) বিকেলে একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিহতরা হলেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২), তার ছেলে সায়ান (৪) এবং একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের ছেলে তৌফিদুল ইসলাম (১৪)। তারা সকলেই সিএনজির যাত্রী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি সূর্য নারায়ণপুর পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে ‘অনন্যা ক্লাসিক’ নামের একটি বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন এবং ঢাকায় নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসচালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ.আই/এম.আর
