রোববার (২২ জুন, ২০২৫) যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার লক্ষ্যবস্তু ছিল ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানের পরমাণু স্থাপনা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।” তিনি দাবি করেন, ফোর্দো স্থাপনায় ‘পূর্ণ শক্তির বোমা হামলা’ চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান নিরাপদে যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে।
ট্রাম্প আরও লে�ಮান, “আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন! পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখনই শান্তির সময়।”
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিরুদ্ধে সতর্ক করে বলেন, এতে যুক্তরাষ্ট্রের জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হবে। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিও ১৮ জুন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ ‘অপূরণীয় ক্ষতির’ কারণ হবে।
ইউরোপীয় কূটনৈতিকদের সঙ্গে জেনেভায় আলোচনার পর ইস্তাম্বুলে আরাঘচি সাংবাদিকদের বলেন, “যুক্তরাষ্ট্র যদি এই যুদ্ধে সক্রিয়ভাবে জড়ায়, তবে তা সবার জন্য অত্যন্ত বিপজ্জনক হবে।”
এ.আই/এম.আর
