হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন, ইরানের পরমাণু সক্ষমতাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হবে। সোমবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের ‘গুড মর্নিং আমেরিকা’ অনুষ্ঠানে তিনি বলেন, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের পরমাণু অবকাঠামোর ওপর হামলা শুরু করেছে।
“হ্যাঁ, আমরা ইরানের পরমাণু সক্ষমতাকে সম্পূর্ণ নির্মূল করতে আত্মবিশ্বাসী,” লিভিট বলেন। “মার্কিন বাহিনী হামলা শুরু করেছে, এবং আমরা উচ্চমাত্রার আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ইরান যেখানে সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে, সেসব স্থানেও হামলা চালানো হবে।”
তিনি আরও বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নির্দেশ দিয়েছেন। তিনি যথেষ্ট আত্মবিশ্বাস না থাকলে এই নির্দেশ দিতেন না।”
‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচিত এই মার্কিন সামরিক অভিযান শনিবার রাতে ইরানের ফরদো, নাতানো ও ইস্ফাহানের সামরিক ও পরমাণু স্থাপনায় সরাসরি আঘাতের মাধ্যমে শুরু হয়। গত ১৩ জুন ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করলেও প্রথম দিকে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নেয়নি। তবে, এখন তারা সরাসরি এই সংঘাতে যুক্ত হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘ক্ষমার অযোগ্য’। এই অভিযান আন্তর্জাতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে, এবং ইরান প্রতিশোধের হুমকি দিয়েছে।
এ.আই/এম.আর
