জাতীয় ঐকমত্য কমিশন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শেষ করতে চায় বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, প্রথম ও দ্বিতীয় ধাপের সংলাপে ঐকমত্য হওয়া বিষয়গুলো আজ বা কালের মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপের ২১তম দিনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল তত্ত্বাবধায়ক সরকার, সংসদে নারী প্রতিনিধিত্ব, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান। আলী রীয়াজ জানান, জুলাই সনদের খসড়া ইতোমধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে এবং আগামীকাল পর্যন্ত তাদের মন্তব্যের জন্য অপেক্ষা করা হচ্ছে। তিনি বলেন, “আজ বা কালের মধ্যে প্রাথমিক পর্যায়ে ঐকমত্য হওয়া বিষয়গুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাতে পারব। দ্বিতীয় ধাপের সংলাপে এ পর্যন্ত ঐকমত্য হওয়া বিষয়গুলো সংযুক্ত করে পরশু দিনের মধ্যে সনদের চূড়ান্ত রূপে পৌঁছাব।”
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং ড. আইয়ুব মিয়া।