Tuesday, July 22, 2025

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে ১০ জন আহত

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভেজালের মোড় এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহত জামায়াত সমর্থকরা হলেন—৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০), সাগর (২৫) এবং স্বপনের ১০ বছর বয়সী কন্যা শিশু সুমাইয়া খাতুন। বিএনপি সমর্থকদের মধ্যে আহতরা হলেন—আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) ও কোরবান।

স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশে নাজমুলসহ কয়েকজন নেতাকর্মী অংশ নেন। এ নিয়ে বিএনপি সমর্থক হাবিল, কাবিল, কাউসারসহ কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ভেজালের মোড় এলাকায় উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় লোহার রড, হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.