মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, গাজীপুরে উত্তেজনা দেখা দিয়েছে যখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ি মাঠে আয়োজিত একটি কর্মসূচি বাধাগ্রস্ত করতে মোটরসাইকেল মহড়া দেয়। এই মহড়ার নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের গাজীপুর জেলা ইউনিটের সভাপতি সুলতান মো: সিরাজুল ইসলাম। শ্রীপুরের মাওনা এলাকায় ১৫ থেকে ২০ জন হেলমেট পরিহিত ব্যক্তি এই মহড়ায় অংশ নেন।
এই ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এছাড়া, গাজীপুর মহানগরীর প্রাণকেন্দ্র রাজবাড়ি সড়কে অবস্থিত প্রধান ডাকঘরের দেয়ালে গত রাতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখাকে কেন্দ্র করে আরও উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী নগরীতে টহল জোরদার করেছে।
‘দেশ গড়তে, শান্তির নতুন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে’ স্লোগানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মঙ্গলবার বিকেল ৪টার দিকে রাজবাড়ি মাঠে সমাবেশ ও জুলাই পদযাত্রার কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে গত সোমবার গাজীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক অ্যাডভোকেট আবু নাসের খান কর্মসূচির বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন।