আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে সাভানার মেমোরিয়াল হেলথ হাসপাতালে নেওয়া হয়েছে, এবং বাকি তিনজন সেনাবাহিনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাদের সবার অবস্থা স্থিতিশীল।
হামলাকারী হিসেবে ২৮ বছর বয়সী সার্জেন্ট কর্নেলিয়াস রেডফোর্ডকে শনাক্ত করা হয়েছে। তিনি ফ্লোরিডার জ্যাকসনভিলের বাসিন্দা এবং ফোর্ট স্টেওয়ার্টের দ্বিতীয় ব্রিগেডে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সক্রিয় সদস্য। ২০১৮ সালে তিনি অটোমেটেড লজিস্টিক স্পেশালিস্ট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। তার যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই এবং এর আগে তার বিরুদ্ধে কোনো সামরিক অভিযোগের তথ্য পাওয়া যায়নি। বর্তমানে তাকে প্রি-ট্রায়াল বন্দিশালায় আটক রাখা হয়েছে।
দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস জানান, এই সেনা ব্যক্তিগত বন্দুক ব্যবহার করে এলোপাতাড়ি গুলি চালান। হামলা শুরুর প্রায় সঙ্গে সঙ্গে অন্য সেনারা তাকে নিবৃত করেন। গুলি চালানোর ৪০ মিনিট পর তাকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়। তিনি কেন সহকর্মীদের ওপর গুলি চালিয়েছেন, তা এখনো জানা যায়নি।