Thursday, August 14, 2025

মালয়েশিয়ার সংসদে প্রশ্ন: বিমানবন্দরে বাংলাদেশিদের কড়া জিজ্ঞাসাবাদ কেন?

বাংলাদেশ-পাকিস্তানসহ কয়েকটি দেশের পর্যটকদের মালয়েশিয়ায় প্রবেশের সময় কেন অতিরিক্ত প্রশ্ন, ব্যাপক তল্লাশি ও যাচাই-বাছাইয়ের মুখোমুখি হতে হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মালয়েশিয়ার বিরোধী দলীয় একজন সংসদ সদস্য। তিনি অভিযোগ করেছেন, মালয়েশিয়ার প্রবেশপথে কিছু দেশের পর্যটকদের ভিন্নধরনের আচরণের শিকার হতে হচ্ছে।

বুধবার মালয়েশিয়ার সংসদে আলোচনার সময় পিএন-আরাউ আসনের সংসদ সদস্য দাতুক সেরি শাহিদান কাসিম মালয়েশিয়া বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সির (এমবিসিপিএ) মহাপরিচালক দাতুক সেরি শুহাইলি মোহাম্মদ জইনের কাছে এই প্রশ্ন তোলেন। তিনি বলেন, চীনা পর্যটকদের তুলনায় বাংলাদেশ, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া থেকে আসা পর্যটকদের কঠিন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়।

এমবিসিপিএর মহাপরিচালকের উদ্দেশে তিনি বলেন, “আমি জানতে চাই, কেন পাকিস্তান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার পর্যটকদের ব্যাপক প্রশ্নের মুখোমুখি হতে হয়, অথচ চীন থেকে আসা পর্যটকদের সহজেই দেশে প্রবেশ করতে দেওয়া হয়?” তিনি আরও বলেন, “শুহাইলিকে অভিনন্দন। আমি জানি, তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন এবং অনলাইনে অনেকের সমর্থনও পেয়েছেন। তবে তার পদ্ধতির বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ এটি অভিবাসন কর্মকর্তাদের মনোবলকে প্রভাবিত করতে পারে।” গত ৩ জুন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের (কেএলআইএ) টার্মিনাল ১ ও ২-এ ২৭৯ জন বিদেশিকে প্রবেশে বাধা দেয় এমবিসিপিএ, যা এই সংস্থার একদিনে সর্বোচ্চসংখ্যক বিদেশিকে ফেরত পাঠানোর রেকর্ড। তাদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি, ৩৩ জন পাকিস্তানি এবং ছয়জন ভারতীয় নাগরিক ছিলেন। গত ১৫ জুলাই কেএলআইএর টার্মিনাল ২-এ ট্রানজিট সুবিধার অপব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টার অভিযোগে ১৪১ বিদেশিকে আটক করে সংস্থাটি। তাদের মধ্যে ৯৪ জন ভারতীয়, ৪১ জন ইন্দোনেশীয় এবং শ্রীলঙ্কা ও পাকিস্তানের তিনজন করে নাগরিক ছিলেন। গত ২৫ জুলাই কেএলআইএ-তে বড় ধরনের অভিযানে ১৯৮ জন বিদেশি নাগরিককে মালয়েশিয়ায় প্রবেশে বাধা দেওয়া হয়। টার্মিনাল-১ থেকে ১২৮ বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ১২৩ জন বাংলাদেশি (১২০ জন পুরুষ ও তিনজন নারী), দু’জন পাকিস্তানি, একজন সিরীয় এবং দু’জন ইন্দোনেশীয় ছিলেন। তারা বাংলাদেশ, ভিয়েতনাম ও পাকিস্তান থেকে ফ্লাইটে এসেছিলেন। একই দিনে টার্মিনাল-২ এ আরও ৭০ জন যাত্রীকে প্রবেশে বাধা দেওয়া হয়, যাদের মধ্যে ৫১ জন ইন্দোনেশীয়, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি এবং দু’জন ভিয়েতনামী ছিলেন।
৩০ জুলাই মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেন, চলতি বছরের প্রথম ছয় মাসে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ১০ হাজার ৬৭৮ জন পর্যটককে দেশে প্রবেশে বাধা দেওয়া হয়।

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.