বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয় অভিমুখে মিছিল শেষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করেছেন প্রকৌশল শিক্ষার্থীরা। তারা তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
দাবিগুলো হলো: ৩৩ শতাংশ পদোন্নতি কোটা বাতিল, উচ্চতর যোগ্য প্রার্থীদের জন্য টেকনিক্যাল গ্রেড উন্মুক্তকরণ এবং শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবেন।
পূর্বঘোষিত ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার, ২৭ আগস্ট, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা শাহবাগের মূল সড়কে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কগুলো অচল হয়ে পড়ে। দুপুর দেড়টার দিকে যমুনার দিকে অগ্রসর হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন। পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ধস্তাধস্তি হয়। পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদানেগ্যাস এবং জলকামান নিক্ষেপ করে। পরে লাঠিচার্জে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।