জাতীয় সংসদের ৩০০ আসনের সীমানা চূড়ান্ত করে আগামী ১৫ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করা হবে। এছাড়া, ৩০ সেপ্টেম্বর প্রকাশিত হবে জিআইএস বা ভৌগলিক ম্যাপ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি), যা আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে ঘোষণা করা হতে পারে।
ইসি সচিবালয় সূত্র জানায়, নতুন রাজনতিক দলের প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছে, এবং চূড়ান্ত প্রজ্ঞাপন হবে ৩০ সেপ্টেম্বর। রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা এবং আরপিও যাচাই-বাছাই ও বাংলা অনুবাদ শেষে ৩১ আগস্ট আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাবে ইসি।
এছাড়া, আগামী সাধারণ নির্বাচনকে সামনে রেখে সেপ্টেম্বরের শেষে সুশীল সমাজ, গণমাধ্যম এবং অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন।