ঢাকা, ৩ আগস্ট ২০২৫: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং জুলাই সনদকে কার্যকর করতে হবে। অন্তর্বর্তী সরকারকেই এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে আখতার হোসেন বলেন, জুলাই সনদ ও ঘোষণাপত্রের বাস্তবায়ন নিশ্চিত করতে জনগণকে পাহারাদারের ভূমিকায় সজাগ থাকতে হবে। “বাংলাদেশের মানুষ যুগের পর যুগ ধরে যে বঞ্চনার শিকার হয়েছে, তা থেকে মুক্তির জন্য শহীদেরা জীবন দিয়েছেন। আহতরা তাদের অপূর্ণাঙ্গ দেহ নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন। তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানাতে হবে।”
তিনি আরো বলেন, গত বছর শহীদ মিনার থেকে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের ঘোষণা দেওয়া হয়েছিল। “এনসিপি রাষ্ট্র কাঠামোতে মৌলিক সংস্কারের কথা বলেছে। যারা ক্ষমতায় এসেছে, তারা জনগণের কাছে জবাবদিহি করেনি। আমরা এমন রাষ্ট্রব্যবস্থা চাই, যেখানে প্রধানমন্ত্রী থেকে মেম্বার পর্যন্ত সবাই জনগণের কাছে জবাবদিহি করবে। একদলীয় কর্তৃত্ব বা প্রশাসনে দলীয়করণ আর দেখতে চাই না।”