Monday, September 1, 2025

তিন দফা দাবিতে বাকৃবির শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা তিন দফা দাবিতে দুই দফায় রেললাইন অবরোধ করেছেন। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ময়মনসিংহ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন তারা। এরপর বেলা দেড়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা থেকে মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেন আটকে রাখা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রেললাইন অবরোধের খবরে বেলা তিনটার দিকে ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মুফিদুল আলম ও পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম বিশ্ববিদ্যালয়ে পৌঁছান। তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দাবির বিষয়ে কৃষি উপদেষ্টার সঙ্গে আলোচনার ব্যবস্থার আশ্বাস দেন। এরপর সাড়ে তিনটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।

কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফাহাদ এনাম বলেন, ‘ডিসি ও এসপির সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছেন যে আগামী মঙ্গলবার কৃষি উপদেষ্টার সঙ্গে আমাদের প্রতিনিধিদলের আলোচনার ব্যবস্থা করবেন। তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা আজ ট্রেন অবরোধ তুলে নিয়েছি। তবে এর আগেও আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু দাবি বাস্তবায়ন হয়নি। এবারও যদি তেমন হয়, তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব।’ এর আগে সকাল সাড়ে ১০টায় কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে কৃষি অনুষদ ছাত্র সমিতির সামনে থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড় সংলগ্ন রেললাইনে গিয়ে হাওর এক্সপ্রেস ট্রেন আটকে দেন। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা ট্রেনটি অবরোধ করে রেললাইনে অবস্থান করেন। এরপর বেলা দেড়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত মহুয়া কমিউটার ট্রেন আটকে রাখেন। অবরোধ কর্মসূচি চলাকালীন কৃষিবিদদের অধিকার রক্ষায় তিন দফা দাবি উত্থাপন করেন আন্দোলনকারীরা। দাবিগুলো হলো: (১) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে; (২) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ রাখা যাবে না; এবং (৩) কৃষি বা কৃষিসংক্রান্ত বিষয়ে স্নাতক ডিগ্রি ছাড়া ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না এবং এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।
কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সানাউল্লাহ বলেন, ‘আমাদের এই তিন দফা দাবি সম্পূর্ণ যৌক্তিক। কৃষিবিদদের অধিকার রক্ষায় আমরা মাঠে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।’

Share This Post

শেয়ার করুন

Author:

Note For Readers: The CEO handles all legal and staff issues. Claiming human help before the first hearing isn't part of our rules. Our system uses humans and AI, including freelance journalists, editors, and reporters. The CEO can confirm if your issue involves a person or AI.